সাদিক কায়েমকে মেয়র প্রার্থী ঘোষণা জামায়াতের, শিবির বললো- সুযোগ নেই

বরিশাল জার্নাল ডেস্ক

ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামীর থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বর্তমান সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

 

 

আজ শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত এ দায়িত্বশীল সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ঘোষণার সময় সাদিক কায়েম নিজেও সম্মেলনে উপস্থিত ছিলেন।

তবে এ বিষয়ে ভিন্নমত জানিয়ে একটি বিবৃতি দিয়েছে ইসলামী ছাত্রশিবির।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় একজন দায়িত্বশীলকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে ঘোষণার সংবাদ বিভিন্ন অনলাইন পোর্টালে প্রচারিত হওয়ার প্রেক্ষিতে এ বিষয়ে নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (১ মে) সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, ইসলামী ছাত্রশিবিরে যে কোনো পর্যায়ে দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই। এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ইসলামী ছাত্রশিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর যে কেউ যে কোনো রাজনৈতিক দলে যুক্ত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন। বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে, শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কাউন্সিল হলে আয়োজিত দায়িত্বশীল সম্মেলনে ডাকসুর ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেননি সাদিক কায়েম। দলীয় সূত্রে জানা গেছে, আগামী দু-এক দিনের মধ্যেই বাংলাদেশ জামায়াতে ইসলামী আনুষ্ঠানিকভাবে প্রার্থিতার ঘোষণা দেবে।

এ বিষয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের জন্যই তাদের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং এক-দুই দিনের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top