বিয়ের পর বাবার বাড়িতে ফিরে প্রেমিকের সঙ্গে তরুণীর বিষপান

বরিশাল জার্নাল ডেস্ক

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বিয়েতে দুই পরিবার রাজি না হওয়ায় এক তরুণী ও তার প্রেমিক বিষপান করেন। এতে তরুণীর মৃত্যু হয়েছে। গুরুতর অবস্থায় প্রেমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

রোববার (১৯ এপ্রিল) রাতে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে, একই দিন সকালে উপজেলার জয়েনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

নিহত তরুণী মীম আক্তার (১৯) ওই গ্রামের শফিউল ইসলামের মেয়ে। অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন তরুণ মোরসালিন হাসান পরশ (২৫) একই গ্রামের হামিদ মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মীম আক্তার ও মোরসালিন হাসান পরশের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে মীমের অন্যত্র বিয়ে হয়। সম্প্রতি তিনি বাবার বাড়িতে এলে তাদের মধ্যে আবার যোগাযোগ শুরু হয়। বিষয়টি পরিবারে জানাজানি হলে দুজনই বিয়ের প্রস্তাব দেন। তবে এতে উভয় পরিবার রাজি হয়নি। এরই একপর্যায়ে অভিমানে রোববার সকালে তারা একসঙ্গে বিষপান করেন বলে জানা গেছে।

 

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মীম আক্তারের মৃত্যু হয়। অবস্থার অবনতি হলে পরশকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম হাবিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top