বরিশাল জার্নাল ডেস্ক
তেলের দাম বৃদ্ধি জীবনযাত্রাকে আরও দুরূহ ও কঠিন করে তুলবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেন, দাম বৃদ্ধি না করে বিকল্প উপায় বের করুন।
রোববার (১৯ এপ্রিল) দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিবৃতিতে সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, তেলের দাম বৃদ্ধির সঙ্গে নিত্যপণ্যের দাম, যোগাযোগ খরচসহ জীবনযাত্রার প্রতিটি কাজ জড়িত। তেলের দাম বৃদ্ধি হলে সব কিছুর দাম বাড়ে। যার সরাসরি প্রভাব পরে নিম্ন ও মধ্যবিত্তের ওপরে, যাদের আয় সীমিত। এর মাধ্যমে তাদের জীবনযাত্রা আরও দুর্বিসহ হয়ে উঠবে।
চরমোনাই পীরের মতে, বৈশ্বিক সমস্যা মোকাবিলায় তেলের দামবৃদ্ধি করে সমস্যার বোঝা জনগনের ওপরে চাপানো একটি সহজ ও বহুল প্রচলিত পন্থা।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, বৈশ্বিক সমস্যার সমাধানে নিম্ন ও মধ্যবিত্তকে বলির পাঠা বানাবেন না। বিকল্প উপায় খুঁজে বের করার প্রতি মনোযোগী হন।
তিনি বলেন, তেলের দাম লিটার প্রতি ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রথমত, লিটার প্রতি একসঙ্গে ১৫-২০ টাকা বৃদ্ধি সব ক্ষেত্রে অনেক বড় চাপ তৈরি করবে।
দ্বিতীয়ত, একদল অসাধু ব্যবসায়ী এর অপব্যবহার করে আনুপাতিক হারে মূল্যবৃদ্ধি করে জনজীবনকে আরও কঠিন করে তুলবে।
তার দাবি, সরকারের তদারকি ও দক্ষতার অভাবে অসৎ ব্যবসায়ীরা তাদের অপকর্মে সফলতাও পাবে।
প্রশাসনের সব শক্তি ব্যবহার করে প্রতিটি ক্ষেত্রে নজরদারি ও তদারকি করার আহ্বান জানান রেজাউল করীম।




