৩ সংগঠন থেকে এনসিপিতে যোগ দিলেন ৪৪ নেতা-কর্মী

বরিশাল জার্নাল ডেস্ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আপ বাংলাদেশ ও আমার বাংলাদেশ পার্টির (এবি) ৪৪ জন নেতা-কর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইফ নাহিদ ইসলাম।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, মুখপাত্র শাহরিন ইরা। এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার সানী আব্দুল হক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন, লিগ্যাল সেল সম্পাদক মাহফুজ এবং কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক এস এম সুইটসহ বিভিন্ন ইউনিটের নেতারা।

অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, যোগদানকারী সবাইকে দলের কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের দায়িত্ব বণ্টন বিষয়ে বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত জানানো হবে। এছাড়া স্থানীয় পর্যায়েও আপ বাংলাদেশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা পর্যায়ক্রমে এনসিপিতে যোগ দেবেন।

দলীয় সূত্রে জানা গেছে, যোগদানের পর রিফাত রশিদ জাতীয় যুবশক্তির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি হাসিব আল ইসলাম জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখায় যুক্ত হচ্ছেন। অন্যদিকে শাহাদাত হোসেন ও এস এম সুইট এনসিপির কেন্দ্রীয় কমিটিতে অন্তর্ভুক্ত হচ্ছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top