৭ গোলের থ্রিলারে রিয়ালকে বিদায় করে সেমিতে বায়ার্ন

বরিশাল জার্নাল ডেস্ক

শেষ মুহূর্ত পর্যন্ত টানটান উত্তেজনা। গোলের পর গোল, নাটক আর বিতর্কে ভরা এক রাতে শেষ হাসি হাসল বায়ার্ন মিউনিখ। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে রিয়াল মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়ে দুই লেগ মিলিয়ে ৬-৪ ব্যবধানে সেমিফাইনালে উঠেছে জার্মান ক্লাবটি।

 

ম্যাচের শুরু থেকেই নাটক। প্রথম মিনিটেই ম্যানুয়েল নয়্যারের অবিশ্বাস্য ভুল থেকে আর্দা গুলেরের গোলে এগিয়ে যায় রিয়াল। তবে দ্রুতই ঘুরে দাঁড়ায় বায়ার্ন, কর্নার থেকে আলেকজান্ডার পাভলোভিচ সমতা ফেরান।

 

এরপর আবার নাটক ম্যাচের ২৯তম মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে রিয়ালকে আবারও এগিয়ে দেন গুলের। তবে বায়ার্ন হাল ছাড়েনি। ৩৮ মিনিটে হ্যারি কেইনের গোলে আবার সমতা আসে। প্রথমার্ধের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের গোল ম্যাচে রিয়ালকে এগিয়ে রাখলেও লড়াই তখনও বাকি।

 

দ্বিতীয়ার্ধে ম্যাচ আরও জমে ওঠে। দুই দলই আক্রমণ-পাল্টা আক্রমণে সুযোগ তৈরি করে। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ৮৬ মিনিটে, যখন দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন এদুয়ার্দো কামাভিঙ্গা। দশ জনের দলে পরিণত হয় রিয়াল

 

সংখ্যাগরিষ্ঠতার সুবিধা কাজে লাগাতে দেরি করেনি বায়ার্ন। ৮৯ মিনিটে লুইস দিয়াজ গোল করে ম্যাচে সমতা ফেরান, কিন্তু অ্যাগ্রিগেটে এগিয়ে যায় জার্মানরা।

 

শেষ কথা বলেন মাইকেল অলিসে। যোগ করা সময়ে দুর্দান্ত এক গোল করে রিয়ালের আশা শেষ করে দেন তিনি। সেই গোলেই নিশ্চিত হয় বায়ার্নের সেমিফাইনাল।

 

ম্যাচের পরও নাটক থামেনি। শেষ বাঁশির পর লাল কার্ড দেখেন রিয়ালের গুলের, যা উত্তেজনার মাত্রা আরও বাড়িয়ে দেয়।

 

সেমিফাইনালে বায়ার্নের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি। অপরদিকে অন্য কোয়ার্টার ফাইনালে আর্সেনাল স্পোর্টিংয়ের বিপক্ষে দুই লেগ মিলে ১-০ গোলের জয়ে সেমিতে ‍উঠেছে। সেখানে তাদের প্রতিপক্ষ অ্যাটলেটিকো মাদ্রিদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top