পটুয়াখালীর বাউফলে সাধারণ মানুষের সমস্যা দ্রুত শোনা ও সমাধানের লক্ষ্যে ‘জনতার কল সেন্টার’ সেবা উদ্বোধন করেছেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে বাউফল উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে কল সেন্টারটির উদ্বোধন করেন।
ড. শফিকুল ইসলাম মাসুদ এমপি বলেন, জনগণের অভিযোগ ও সমস্যা দ্রুত সময়ের মধ্যে জানার এবং কার্যকর সমাধান নিশ্চিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে উপজেলার মানুষ সরাসরি তাদের প্রয়োজন, অভিযোগ ও সমস্যার কথা জানাতে পারবেন।
তিনি বলেন, এ কল সেন্টার চালুর ফলে জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের মধ্যে যোগাযোগ আরো সহজ, দ্রুত ও গতিশীল হবে। পাশাপাশি জনসেবার মানও উন্নত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম।




