আলোচনা ব্যর্থ : যুক্তরাষ্ট্রের পর ইরানি প্রতিনিধিদলও পাকিস্তান ছাড়ল

বরিশাল জার্নাল ডেস্ক

ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের পর দেশের উদ্দেশে এবার ইরানের প্রতিনিধিরাও পাকিস্তান ত্যাগ করেছেন।

 

রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ সময় ১০টার দিকে তেহরানের উদ্দেশে তারা ইসলামাবাদ ছাড়েন বলে জানিয়েছে সংবাদ সংস্থা তাসনিম।

 

এর আগে, হোয়াইট হাউস জানায়, পাকিস্তান সময় সকাল ৭টা ৮ মিনিটে এয়ার ফোর্স টু বিমানে চড়ে ইসলামাবাদ ছাড়েন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল।

 

গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে, এদিন সকালে ইসলামাবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে ইরানের সঙ্গে শান্তি আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানান ভ্যান্স। তিনি বলেন, দুঃসংবাদ, তারা (ইরান) আমাদের শর্ত মানতে রাজি হয়নি।

এ সময় তিনি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি আলোচনা ২১ ঘণ্টা গড়ালেও কোনো ধরনের চুক্তি ছাড়াই তার নেতৃত্বাধীন প্রতিনিধিদল নিয়ে দেশে ফেরত যাওয়ার ঘোষণা দেন। এর কিছুক্ষণ পরই দেশের উদ্দেশে সংবাদ সম্মেলনস্থল ত্যাগ করেন তিনি।

 

এদিকে এই অচলাবস্থার জন্য ওয়াশিংটনের ‘অযৌক্তিক’ ও ‘অতিরিক্ত’ দাবিকে দায়ী দাবি করেছে ইরান। মতবিরোধের মূল বিয়ষগুলোর মধ্যে ছিল হরমুজ প্রণালি ইস্যু, পারমাণবিক কর্মসূচি প্রকল্প এবং অন্যান্য বিতর্কিত বিষয়।

 

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র একটি ‘যুক্তিসংগত’ চুক্তিতে রাজি না হলে হরমুজ প্রণালির পরিস্থিতির কোনো পরিবর্তন হবে না। প্রতিবেদনে আরও বলা হয়, তেহরান এই আলোচনার জন্য কোনো তাড়াহুড়ো করছে না।

 

রাষ্ট্রীয় গণমাধ্যম আইআরআইবি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ‘অযৌক্তিক দাবির’ কারণে মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানের জন্য ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনা ভেস্তে গেছে। ইরানি প্রতিনিধিদল ইরানি জনগণের জাতীয় স্বার্থ রক্ষার লক্ষ্যে একটানা ও নিবিড়ভাবে ২১ ঘণ্টা আলোচনা চালিয়েছে; ইরানি প্রতিনিধিদলের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ সত্ত্বেও মার্কিন পক্ষের অযৌক্তিক দাবি আলোচনার অগ্রগতিতে বাধা দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top