
বরিশাল জার্নাল ডেস্ক
বাংলাদেশে আবারও ফ্যাসিবাদ কায়েম হোক, তা জামায়াতে ইসলামী চায় না বলে মন্তব্য করেছেন দলটির আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর ঢাকা-১৫ আসনে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পীরেরবাগবাসীর পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, “ঘরে ও বাইরে শৃঙ্খলা ফিরিয়ে আনা সরকারের প্রধান দায়িত্ব। আমরা বিরোধী দলে যারা আছি, তাদের কাজ হলো ভুলগুলো ধরিয়ে দেওয়া এবং জনগণের অধিকারের পাহারাদারি করা। সরকার যদি জনগণের অধিকার লঙ্ঘন করে, তবে আমরা ইতিবাচকভাবে তা সংশোধন করতে সহযোগিতা করব। কিন্তু সরকার যদি সংশোধন না হয়ে মানুষের অধিকার কেড়ে নিতেই থাকে, তবে আমরা প্রতিবাদ ও প্রয়োজনে প্রতিরোধ করব।”
জ্বালানি সংকট প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা বলেন, ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রভাবে বিশ্বজুড়ে কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশে কিলোমিটারের পর কিলোমিটার গাড়ির মিছিল দেখা যাচ্ছে, চাকা ঘুরছে না। অথচ সংসদে সত্য কথা না বলে এমনভাবে বিবৃতি দেওয়া হচ্ছে যেন বাংলাদেশ তেলের ওপর ভাসছে। তিনি মন্তব্য করেন, “বাংলাদেশ ভাসছে না, কিছু লোক যারা সরকারকে ‘তেল’ মারে, তারাই সংকট দেখতে দিচ্ছে না। অতীতে এই তেলে পিছলে অনেকের কোমর ভেঙেছে।”
জ্বালানি সংকটের অজুহাতে স্কুল বন্ধ করে ডিজিটাল ক্লাস শুরুর সিদ্ধান্তের কড়া সমালোচনা করে ডা. শফিকুর রহমান বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। করোনার সময় একবার এই মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে, আবারও তা ভাঙার চেষ্টা মানা হবে না। বাস্তবতা যা-ই হোক, সবার আগে শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠানে হাত না দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।




