ছাদের পানির ট্যাংকে ডিজেল মজুদ

বরিশাল জার্নাল ডেস্ক

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নে এক বসতবাড়ির ছাদের পানির ট্যাংকিতে অবৈধভাবে মজুদ রাখা ৭৫০ লিটার ডিজেল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিকে জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান। অভিযানে বসির সারেং ওরফে বসু সেরাংয়ের বাড়ির ছাদের পানির ট্যাংকিতে বিপুল পরিমাণ ডিজেল মজুদের প্রমাণ পাওয়া যায়।

স্থানীয় সূত্র জানায়, কিছু দিন ধরে পানির ট্যাংক ব্যবহার করে গোপনে জ্বালানি তেল সংরক্ষণ করা হচ্ছিল। পানির পরিবর্তে ট্যাংকিতে তেল থাকার বিষয়টি প্রকাশ্যে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় এভাবে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুদ রাখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যেই এই তেল মজুদ করা হয়েছিল।

এ সময় পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী অবৈধভাবে দাহ্য পদার্থ মজুতের দায়ে বসু সেরাংকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top