বরিশাল জার্নাল ডেস্ক
ম্যাচটা খুব ঝলমলে ছিল না, কিন্তু প্রয়োজনীয় জায়গায় ঠিকই কাজটা করেছে ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র ও তরুণ এন্দ্রিকের নৈপুণ্যে ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে কার্লো আনচেলত্তির দল।
অরল্যান্ডোয় ম্যাচের শুরুটা ছিল ক্রোয়েশিয়ার দখলে। বাঁ দিক দিয়ে ক্রস তুলে বারবার ব্রাজিলের রক্ষণে চাপ তৈরি করছিল তারা। প্রথম দিকে কিছুটা এলোমেলোই ছিল সেলেসাওদের খেলা।
তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে ম্যাচে ফিরতে থাকে ব্রাজিল, আর সেই ফেরার কেন্দ্রেই ছিলেন ভিনিসিয়ুস। তার গতি ও বল নিয়ন্ত্রণ ধীরে ধীরে বদলে দেয় ম্যাচের চিত্র। প্রথমার্ধের শেষ দিকে সেই ভিনির তৈরি করা আক্রমণ থেকেই এগিয়ে যায় ব্রাজিল। কর্নার থেকে বল পেয়ে দ্রুত কাউন্টার অ্যাটাকে ওঠেন তিনি, নিখুঁত পাসে ড্যানিলোকে দিয়ে গোল করান।
দ্বিতীয়ার্ধে ম্যাচ কিছুটা ধীরগতির হয়ে পড়ে। মাঝমাঠে লড়াই হলেও পরিষ্কার সুযোগ খুব একটা তৈরি হচ্ছিল না। এক পর্যায়ে লুকা মদ্রিচ ও কাসেমিরো মাঠ ছাড়েন, পরে বিশ্রাম দেওয়া হয় ভিনিসিয়ুসকেও।
ম্যাচের শেষ দিকে হঠাৎই সমতায় ফেরে ক্রোয়েশিয়া। ফ্রুকের দারুণ পাস থেকে মাজের গোল করে ব্যবধান ঘুচান। তবে সেই আনন্দ বেশিক্ষণ টেকেনি।
মাত্র এক মিনিট পরই আবার এগিয়ে যায় ব্রাজিল। বক্সে ফাউল আদায় করে পেনাল্টি এনে দেন এন্দ্রিক, আর স্পটকিক থেকে গোল করে দলকে এগিয়ে দেন ইগর থিয়াগো।
এরপর যোগ করা সময়ে আবারও দৃশ্যপটে এন্দ্রিক। এবার অ্যাসিস্ট করে মার্টিনেল্লিকে দিয়ে তৃতীয় গোল করান তিনি, তাতেই নিশ্চিত হয় ব্রাজিলের জয়।
এই ম্যাচে ব্রাজিল জিতলেও এখনও উন্নতির জায়গা স্পষ্ট। ক্রোয়েশিয়াও খুব একটা ধারালো ছিল না। সামনে বিশ্বকাপ, তার আগে দুই দলই বুঝে গেল—আরও অনেক কিছু ঠিক করতে হবে।




