
বরিশাল জার্নাল ডেস্ক
জাতীয় সংসদের অধিবেশনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে সংসদীয় রীতি ও প্রথা অনুযায়ী যথাযথ সম্মানসূচক শব্দ ব্যবহার না করায় ভুল স্বীকার করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (৩০ মার্চ) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের চতুর্থ বৈঠকে এমন ব্যতিক্রমী ঘটনা ঘটে।
এনসিপির এই তরুণ সংসদ সদস্য সম্পূরক প্রশ্ন করার সময় কিছুটা রসিকতার ছলে একটি শঙ্কার কথা তুলে ধরে বলেন, ‘সালাহউদ্দিন সাহেবকে কোনো প্রশ্ন করলে তিনি আবার কখন নোটিশ দেওয়ার কথা বলে ফেলেন, তা নিয়ে আমরা সব সময়ই কিছুটা সংকোচ ও উদ্বেগের মধ্যে থাকি।’
হাসনাত আব্দুল্লাহ স্বরাষ্ট্রমন্ত্রীকে শুধু নাম ধরে সম্বোধন করে প্রশ্ন করার সময় সংসদের প্রচলিত শিষ্টাচার ও প্রথা এড়িয়ে যান। এ বিষয়ে অন্য সংসদ সদস্যরা দৃষ্টি আকর্ষণ করলে তিনি বিষয়টি বুঝতে পারেন। পরে নিজের বক্তব্য শেষ করার আগেই বিনয়ের সঙ্গে নিজের ভুল স্বীকার করে বক্তব্য দেন।
তিনি নিজের বয়স ও রাজনৈতিক অভিজ্ঞতার সীমাবদ্ধতার কথা উল্লেখ করেন এবং সংসদীয় প্রথা শিখতে তার আগ্রহের কথা জানিয়ে বলেন, ‘আমার সাড়ে ২৭ বছর বয়স। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যখন সংসদে এসেছেন, ১৯৯১ সালে, আর আমার জন্ম হয়েছে ১৯৯৮ সালে। সে জায়গায় কনভেনশনাল (প্রচলিত) যে ভুল আছে, আমরা সেগুলো সংশোধন করতেও রাজি।’
ভুল সংশোধন করতে রাজি আছেন জানিয়ে জুলাই আন্দোলনের এই নেতা বলেন, ‘যখনই আমাদের নোটিশ করবেন, আমরা সেগুলো সংশোধন করে নেব।’
পরে উত্তর পর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ হাসনাতকে উদ্দেশ করে বলেন, ‘এটাই হচ্ছে পার্লামেন্টারি কালচার, বয়স যা-ই হোক, মাননীয় সদস্য হিসেবে আমাকে অ্যাড্রেস করতে হবে। যে সদস্য প্রশ্নটি উত্থাপন করেছেন। আর্লি এজে পার্লামেন্টে আসা একটা সৌভাগ্যের বিষয়। আমরা সবারই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তার মানে আমরা যখন এমপি হয়েছি, তার চাইতে আরও আট-দশ বছর পরে জন্ম নেওয়াটাও সৌভাগ্যের বিষয়। কারণ তার আগে সামরিক শাসনের সময় ছিল।’ এশিয়া পোস্ট




