ওমানে পাকিস্তানি যুবকের সাহসিকতায় প্রাণে বাঁচলেন ২ ভারতীয়

বরিশাল জার্নাল ডেস্ক

টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশ ওমান। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভয়াবহ বন্যায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে ও অনেকে আহত হয়েছেন। দেশটির বিভিন্ন উপত্যকা ও নিচু এলাকা প্লাবিত হওয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

 

এই দুর্যোগের মধ্যেই ওমানের স্থানীয় গণমাধ্যম মাসকট ডেইলি মানবতা ও সাহসিকতার এক অনন্য গল্প তুলে ধরেছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, ২৫ বছর বয়সি এক পাকিস্তানি প্রবাসী শ্রমিক নিজের জীবনের ঝুঁকি নিয়ে ডুবে যাওয়া একটি গাড়ি থেকে দুজন ভারতীয়কে উদ্ধার করছেন।

 

ওই যুবকের নাম শাহজাদ খান। তিনি পাকিস্তানের পেশোয়ারের বাসিন্দা এবং বর্তমানে ওমানের বারকা এলাকায় কাজ করছেন।

 

ঘটনাটি ঘটে রোববার বিকেল ৪টার দিকে বারকায়। টানা বৃষ্টিতে একটি উপত্যকা উপচে পড়লে সেখানকার পানির স্রোতে একটি গাড়ি আটকে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শতাধিক মানুষ ঘটনাস্থলে জড়ো হলেও অনেকেই তখন ভিডিও ধারণে ব্যস্ত ছিলেন।

শাহজাদ খান বলেন, হঠাৎ দেখি একটি গাড়ি পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু মাঝপথে আটকে যায়। ভেতরে থাকা লোকজন সাহায্যের জন্য চিৎকার করছিল।

 

ভিডিওতে দেখা যায়, লাল কুর্তা পরিহিত শাহজাদ কোনো দ্বিধা না করে ডুবে যেতে থাকা গাড়ির ওপর উঠে পড়েন। প্রথমে পা দিয়ে জানালা ভাঙার চেষ্টা করেও ব্যর্থ হন। পরে পাথর দিয়ে কাঁচ ভেঙে ভেতরে আটকে পড়াদের বের করেন।

 

তিনি বলেন, আমি কিছু ভাবিনি— না জাতি, না ধর্ম। শুধু দেখেছি মানুষ বিপদে আছে। একজন প্রায় ডুবে যাচ্ছিল, আরেকজন বের হওয়ার চেষ্টা করছিল।

 

শেষ পর্যন্ত গাড়িতে থাকা দুই ভারতীয় নাগরিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন তিনি, যা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সাহায্য করে।

 

দুর্যোগের সময়ে যখন অনেকেই দর্শক হয়ে থাকেন, তখন শাহজাদ খানের এই উদ্যোগ মানবতার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।

 

পাকিস্তান সোশ্যাল ক্লাবের সমাজকল্যাণ পরিচালক শানদার বুখারি বলেন, এই সাহসিকতার প্রশংসা করছেন অনেকে। সামাজিক মাধ্যমে ভিডিওটি দেখে তারা বিষয়টি যাচাই করেছেন।

 

তিনি জানান, তার এই সাহসিকতা সত্যিই প্রশংসনীয়। পরিস্থিতি স্বাভাবিক হলে দূতাবাস ও কমিউনিটির পক্ষ থেকে তাকে সম্মানিত করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top