ক্রীড়া ডেস্ক
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে বাংলাদেশের ক্রিকেটারদের পাশাপাশি ছুটিতে রয়েছেন ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালকরাও। এরমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটিতে পরিবর্তন এসেছে। বিসিবির মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মোখছেদুল কামাল বাবু।
এর আগে তিনি এই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি বর্তমানে বিসিবির ওয়েলফেয়ার কমিটির দায়িত্বেও রয়েছেন তিনি। অন্যদিকে, গত বছরের অক্টোবর থেকে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন আমজাদ হোসেন।
গতকাল (রোববার) সন্ধ্যায় আমজাদকে সরিয়ে মোখছেদুল কামাল বাবুকে নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যদিও ঠিক কী কারণে তাকে সরানো হয়েছে সেই কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, আমজাদকে গেম ডেভেলপমেন্ট কমিটির দায়িত্ব দেওয়া হতে পারে। এতদিন সেই দায়িত্বে ছিলেন হাবিবুল বাশার সুমন। তিনি নতুন করে বিসিবির প্রধান নির্বাচক হতে যাচ্ছেন।




