ক্রীড়া ডেস্ক
স্প্যানিশ লা লিগায় রুদ্ধশ্বাস লড়াইয়ে ভরা মাদ্রিদ ডার্বিতে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-২ গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে হারিয়ে লা লিগায় বার্সার পিছেই রইল আলভারো আরবেওলার দল।
ম্যাচের শুরুতেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে লড়াই। প্রথমে এগিয়ে যায় অ্যাথলেটিকোই। আদেমোলা লুকম্যানের গোলে ১-০ ব্যবধানে লিড নেয় তারা। ম্যাচের প্রথমার্ধ এই ১-০ ব্যবধানেই শেষ হয়। তবে দ্বিতীয়ার্ধে দ্রুত ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফিরে আসে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন ভিনিসিয়ুস জুনিয়র। পেনাল্টি থেকে সমতা ফেরানোর পর আক্রমণে ধারাবাহিক চাপ তৈরি করে রিয়াল। এরপর ফেদেরিকো ভালভার্দের গোলে এগিয়ে যায় দলটি।
তবে অ্যাথলেটিকোও লড়াই ছাড়েনি। আর্জেন্টাইন তারকা এনাহুয়েল মোলিনার দুর্দান্ত দূরপাল্লার শটে আবারও সমতায় ফেরে তারা। ম্যাচ তখন ২-২—উত্তেজনা চরমে।
শেষ পর্যন্ত নাটকীয় মুহূর্তে আবারও সামনে আসেন ভিনিসিয়ুস। ডিফেন্স ভেঙে নিখুঁত ফিনিশে দলের তৃতীয় গোলটি করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড, যা শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে দেয় রিয়ালের।
তবে ম্যাচের শেষদিকে উত্তেজনা আরও বাড়ে। ভালভার্দে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জন নিয়ে শেষ মুহূর্ত সামলাতে হয় রিয়ালকে। শেষদিকে চাপ বাড়ালেও সমতায় ফিরতে পারেনি অ্যাথলেটিকো।
এই জয়ে লা লিগার শিরোপা লড়াইয়ে নিজেদের অবস্থান শক্ত করল রিয়াল মাদ্রিদ, আর হারের ফলে চাপ আরও বাড়ল অ্যাথলেটিকোর ওপর।




