বাংলাদেশের বিপক্ষে সিরিজ বাতিল করলো আয়ারল্যান্ড

ক্রীড়া ডেস্ক

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে চলতি বছরের জুলাই-আগস্টে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে লজিস্টিক ও আর্থিক জটিলতায় সিরিজটি বাতিল করেছে ক্রিকেট আয়ারল্যান্ড (সিআই)। এমনটাই জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো।

যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আইরিশ বোর্ড। তবে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, শুরু থেকেই এই সিরিজ আয়োজন নিয়ে অনিশ্চয়তা ছিল। এর আগে জুন মাসে নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

সেই সিরিজ শেষে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা ছিল লিটন দাস-মেহেদী হাসান মিরাজদের। তবে শুক্রবার (২০ মার্চ) আয়ারল্যান্ড তাদের আগামী গ্রীষ্মের সূচি প্রকাশ করলে সেখানে বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজের উল্লেখ পাওয়া যায়নি।

পরে নিশ্চিত হওয়া যায়, আর্থিক ও লজিস্টিক সীমাবদ্ধতার কারণেই বাংলাদেশ সিরিজটি বাতিল করেছে আয়ারল্যান্ড। ফলে জুলাই-আগস্টে কোনো আন্তর্জাতিক সিরিজ থাকছে না বাংলাদেশের। এতে পরবর্তী সিরিজের জন্য ভারত সফর পর্যন্ত অপেক্ষা করতে হবে প্রায় দেড় মাস।

অন্যদিকে, বাংলাদেশ সিরিজ বাতিল হলেও আয়ারল্যান্ড ভারত, আফগানিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে। সূচি অনুযায়ী, মে মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট এবং জুনে ভারতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এছাড়া বাংলাদেশ সিরিজ বাতিল হওয়ায় আফগানিস্তানের সঙ্গে ম্যাচসংখ্যা বাড়িয়েছে আইরিশরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top