পরিবার, মন্ত্রী-এমপিদের নিয়ে বাবা-মায়ের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে দুপুরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বাবা-মার কবর জিয়ারতের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার সহধর্মিণী জোবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর সহধর্মিণী সৈয়দা শামিলা রহমান, তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান।

পরিবারের সদস্যদের নিয়ে তারেক রহমান মা-বাবার কবরের সামনে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে মোনাজাত করেন।

এর পরে বিএনপির পক্ষ থেকে কবরে পুষ্পমাল্য অর্পণ করেন দলের চেয়ারম্যান তারেক রহমান। এই সময়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইকবাল হাসান মাহমুদ টুকু, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সংসদ সদস্য ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা  এটিএম শামসুল ইসলাম প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, কবর জিয়ারত শেষে প্রধানমন্ত্রী তার পরিবারের সদস্যদের নিয়ে গুলশানের বাসায় ফিরেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top