পিএসএলে যাওয়ার আগে সরকারের পরামর্শ চাইবেন মোস্তাফিজ-রিশাদরা

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে যাওয়ার আগে সরকারের পরামর্শ নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে খেলোয়াড়দের নিরাপত্তা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন।

 

তিনি জানান, সাধারণ পরিস্থিতিতে এমন অনুমতির প্রয়োজন না হলেও বর্তমান প্রেক্ষাপটে সম্ভাব্য ঝুঁকি যাচাই করতেই সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এখনো এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যায়নি।

 

এবারের পিএসএলে এখন পর্যন্ত বাংলাদেশের পাঁচ ক্রিকেটারের খেলা প্রায় নিশ্চিত হয়েছে। তারা হলেন—মোস্তাফিজুর রহমান, পারভেজ হোসেন, শরীফুল ইসলাম, নাহিদ রানা ও রিশাদ হোসেন। এছাড়া ওপেনার তানজিদ হাসানকে দলে নিতে পেশোয়ার জালমির সঙ্গে আলোচনা চলছে বলে জানা গেছে।

 

তবে এই ক্রিকেটারদের কেউই পুরো টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাননি। ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে এবারের পিএসএল।

 

এদিকে একই সময়ে বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ রয়েছে। ১৩ এপ্রিল শুরু হওয়া এই সফরে ১৭, ২০ ও ২৩ এপ্রিল ওয়ানডে এবং ২৭ ও ২৯ এপ্রিল ও ২ মে টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

 

ওয়ানডে বিশ্বকাপ সামনে রেখে এই সংস্করণে শক্তিশালী দল গঠনের পরিকল্পনা রয়েছে বিসিবির। সে কারণে মুস্তাফিজুর রহমানকে প্রথম ধাপে ২৬ মার্চ থেকে ১২ এপ্রিল পর্যন্ত এনওসি দেওয়া হয়েছে। ওয়ানডে সিরিজে অংশ নেওয়ার পর আবার ২৪ এপ্রিল থেকে পিএসএলে যোগ দিতে পারবেন তিনি।

 

এ ছাড়া শরীফুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন ও তানজিদ হাসানকে ১২ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি দলে থাকা পারভেজ হোসেন পেয়েছেন ২১ এপ্রিল পর্যন্ত এনওসি।

 

সব মিলিয়ে আন্তর্জাতিক সূচি ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় খেলোয়াড়দের অংশগ্রহণ চূড়ান্ত করবে বিসিবি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top