মহাকাশে লাগানো গাছ থেকে পাকা টমেটো তুললেন চীনের নভোচারীরা

আন্তর্জাতিক ডেস্ক

চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে গত সপ্তাহে বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করেছেন শেনচৌ-২১ মিশনের নভোচারীরা। এ সময় মহাকাশ স্টেশনের মূল মডিউলে অ্যারোপনিক প্রযুক্তিতে চাষ করা চেরি টমেটো গাছগুলো পর্যবেক্ষণ করেছেন এবং সেখান থেকে পাকা টমেটো সংগ্রহ করেছেন নভোচারীরা।

 

রোববার (১৫ মার্চ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ)। সংস্থাটি জানায়, এই সাফল্যের ভিত্তিতে ভবিষ্যতে গম, গাজর এবং বিভিন্ন ঔষধি উদ্ভিদের ওপর একই ধরনের অ্যারোপনিক পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। মহাকাশে কৃষি প্রযুক্তির উন্নয়ন এবং ভবিষ্যতে আরও বেশি ফসল উৎপাদনের সক্ষমতা যাচাই করাই এ গবেষণার লক্ষ্য।

 

এছাড়া মহাকাশ উপাদানবিজ্ঞান গবেষণার অংশ হিসেবে নভোচারীরা পরীক্ষাগারের চেম্বার পরিষ্কার করা, পরীক্ষার নমুনা পরিবর্তন, যন্ত্রের ইলেকট্রোড রক্ষণাবেক্ষণ এবং জানালার কভার পরিষ্কারের কাজও করেছেন।

 

মাইক্রোগ্র্যাভিটি পরিবেশে আগুন ব্যবহার বিষয়েও পরীক্ষা-নিরীক্ষা করেছেন তারা। এ সময় পরীক্ষাগারের বার্নার ও স্যাম্পল কভার পরিবর্তন, ভ্যাকুয়াম তৈরি এবং গ্যাস নির্গমণের কাজ করা হয়। এ ছাড়া জীবনধারণ সহায়ক যন্ত্রপাতির রক্ষণাবেক্ষণ, অণুজীব পর্যবেক্ষণ এবং চিকিৎসা সংক্রান্ত প্রশিক্ষণও সম্পন্ন করেছেন নভোচারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top