স্বরাষ্ট্রমন্ত্রীকে নাসীরুদ্দীনের ‘খোঁচা’

ডেস্ক রিপোর্ট

‘আবেগ দিয়ে নয়, রাষ্ট্র চলে সংবিধান ও আইনে’ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের এই বক্তব্য নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম উল্লেখ না করে সোমবার (১৬ মার্চ) সকালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আবেক দিয়ে রাষ্ট্র চলে না, চলে এস আলম গ্রুপ।

 

জাতীয় সংসদ অধিবেশনে গতকাল (রোববার) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান ‘জুলাই সনদ’ কার্যকরের বিষয়ে সংসদে বক্তব্য উপস্থাপন করলে তার সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্র কোনো আবেগ (ইমোশন) দিয়ে চলে না; রাষ্ট্র চলে সংবিধান, আইন ও কানুন দিয়ে।

 

এ ছাড়া জুলাই সনদ নিয়ে বিরোধীদলীয় নেতার বক্তব্য নিয়ে সংসদীয় রীতি স্মরণ করিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে কোনো মুলতবি প্রস্তাব বা সংক্ষিপ্ত আলোচনা আনতে হলে কার্যপ্রণালি বিধির ৬২ বা ৬৮ ধারা অনুযায়ী নোটিশ দেওয়ার বিধান রয়েছে। সেক্ষেত্রে বিরোধীদলীয় নেতা এমন কোনো নোটিশ দিয়েছেন কি না?

 

পরে বিরোধীদলীয় নেতার পাঠ করা ‘জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫’ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদে বলেন, সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদ অনুযায়ী, সংসদ অধিবেশন না থাকা অবস্থায় রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারেন। কিন্তু সংবিধান পরিবর্তন বা সংশোধন সংক্রান্ত কোনো বিষয় অধ্যাদেশের মাধ্যমে আসতে পারে না। অথচ গত বছরের ১৩ নভেম্বর জারি করা এ আদেশটি না কোনো অধ্যাদেশ, না কোনো আইন। এটি একটি অদ্ভুত বিষয়।

 

তিনি বলেন, এ আদেশের ওপর ভিত্তি করে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথ নেওয়া এবং রাষ্ট্রপতির কাছে অধিবেশন আহ্বানের দাবি অসাংবিধানিক। সরকার ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। তবে তা কোনো অবৈধ বা আরোপিত আদেশের মাধ্যমে নয়, বরং সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়ার মাধ্যমেই বাস্তবায়ন করতে হবে।

 

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী ফেসবুকে লিখেছেন, ‘রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। রাষ্ট্র চলে নীতি, প্রতিষ্ঠান ও জবাবদিহিতার ভিত্তিতে। আবেগ দিয়ে যদি কিছু চলে, তা হলো এস আলম গ্রুপ।’

 

এ ছাড়া নিজের করা পোস্টের মন্তব্যের ঘরে নাসীরুদ্দীন আরও লিখেছেন, ‘রাষ্ট্র চলে মুজিববাদের পাহারাদারে, আর আবেগে চলে এস আলম গ্রুপ।’

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top