সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে

ডেস্ক রিপোর্ট

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।

 

দলীয় সূত্রে জানা গেছে, উন্নত চিকিৎসার জন্য আজ শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাকে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। বিকেল তিনটার দিকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে।

 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

 

এর আগে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমানও হাসপাতালে গিয়ে তাকে দেখে আসেন।

পরিবার ও দলীয় সূত্র জানায়, গত বুধবার ইফতারের সময় পানি পানের সময় হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন মির্জা আব্বাস এবং কিছুক্ষণের জন্য জ্ঞান হারান। পরে তাকে দ্রুত রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল তার।

 

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top