গুণীজনদের একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট

একুশে পদক প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে ‘একুশে পদক-২০২৬’ বিজয়ীদের হাতে এ পদক তুলে দেন তিনি।

 

দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও গবেষণাসহ বিভিন্ন সৃজনশীল ক্ষেত্রে যারা অসামান্য অবদান রেখেছেন, স্বীকৃতিস্বরূপ সেসব গুণীজনের হাতে রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এ বছর দেশের ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে ‘একুশে পদক-২০২৬’ প্রদান করা হয়। পদকপ্রাপ্ত সবার হাতে পদক, সম্মাননা সনদ ও নির্দিষ্ট পরিমাণ অর্থ তুলে দেন সরকারপ্রধান।

 

সংস্কৃতি মন্ত্রণালয়ের মনোনীত একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে অভিনয়ে ফরিদা আক্তার ববিতা; চারুকলায় অধ্যাপক ড. মো. আব্দুস সাত্তার; স্থাপত্যে মেরিনা তাবাসসুম; সংগীতে (মরণোত্তর সম্মাননা) আইয়ুব বাচ্চু; নৃত্যে অর্থী আহমেদ ও পালাগানে ইসলাম উদ্দিন পালাকারকে এই বিশিষ্ট সম্মানে ভূষিত করা হয়।

 

এ ছাড়া সাংবাদিকতায় শফিক রেহমান; শিক্ষা ক্ষেত্রে অধ্যাপক ড. মাহবুবুল আলম মজুমদার এবং ভাস্কর্যে তেজস হালদার জস; সংগীতাঙ্গনে অবদানের জন্য জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদক দেওয়া হয়েছে।

 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আয়োজিত এই পদক প্রদান অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্যরা, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা এবং দেশের আমন্ত্রিত বিশিষ্ট সুধীরা উপস্থিত ছিলেন।

 

একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষ করেই প্রধানমন্ত্রী আজ বিকেলে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন দেশের সবচেয়ে বড় সাংস্কৃতিক সমাবেশ ‘অমর একুশে গ্রন্থমেলা’র উদ্বোধনী আয়োজনে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top