পকেটে টাকা না থাকলে দল দেওয়া উচিত না: বিপিএল নিয়ে নাসির

ডেস্ক রিপোর্ট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মাঠের লড়াই থামলেও মাঠের বাইরের পুরোনো বিতর্ক ‘পারিশ্রমিক বকেয়া’ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বিপিএলের দ্বাদশ আসর শেষ হওয়ার প্রায় এক মাস হতে চললেও ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলা অভিজ্ঞ অলরাউন্ডার নাসির হোসেন এখনো তার পাওনার বড় অংশ পাননি। চুক্তির মাত্র এক-চতুর্থাংশ টাকা হাতে পাওয়ার কথা জানিয়ে নাসির ক্ষোভ উগরে দিয়েছেন ফ্র্যাঞ্চাইজি মালিকদের ওপর।

শুক্রবার নিজের ব্যবসা প্রতিষ্ঠানের উদ্বোধনি অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন নাসির। বকেয়া পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি বলেন, ‘২৫ শতাংশ পেয়েছি। এখনও ৭৫ শতাংশ বাকি আছে। আক্ষেপ নেই, আমার কাছে মনে হয় যাদের পকেটে টাকা নেই তাদেরকে দল দেওয়া উচিত না। আমি জানি না এদেরকে কী চিন্তা করে দল দেয়।’

নাসিরের মতে, বিদেশি ক্রিকেটাররা যখন বিপিএল খেলে দেশে ফিরে গিয়ে বকেয়া পেমেন্ট নিয়ে কথা বলেন, তখন দেশের মান-সম্মান নষ্ট হয়। তিনি বলেন, ‘এটা তো শুধু আমাদের না, পুরো দেশেরই মান-সম্মান নষ্ট হচ্ছে। কারণ এখানে বিদেশি খেলোয়াড়রা আসে। এরা বাইরে গিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা বলে যে বাংলাদেশের পেমেন্ট খারাপ, বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি খারাপ।’

ফ্র্যাঞ্চাইজি থেকে বকেয়া মেটানোর আশ্বাস দেওয়া হলেও তা কেবল প্রতিশ্রুতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে বলে জানান নাসির। দলের অভ্যন্তরীণ যোগাযোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের পুরা দলের জন্য গ্রুপ আছে। গ্রুপে সুন্দরভাবে আমরা মেসেজ দিই। সিন হয়, বলে কালকে হবে–পরশু হবে এই আরকি।’

তবে বিসিবি থেকে আশ্বাস মেলায় কিছুটা আশাবাদী নাসির। ফ্র্যাঞ্চাইজি টাকা না দিলে জামানতের অর্থ দিয়ে বিসিবি বকেয়া মেটাবে বলে জানান তিনি। নাসিরের ভাষায়, ‘মিঠু (ইফতেখার) ভাই আমাদেরকে আশ্বাস দিয়েছেন। সম্ভবত আমি যতটুকু জানি তারা এই মাস পর্যন্ত মনে হয় দেখবেন। যদি এই মাসেও তারা টাকা না দিতে পারে তখন মনে হয় ঢাকার জামানত হিসেবে যে টাকা ছিল ব্যাংক গ্যারান্টি হিসেবে, ওই টাকা থেকে আমাদের পেমেন্ট দেবে। পেমেন্ট আমরা পাব হয়তো একটু পরে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top