বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা
ভোলা–২ আসনের বোরহানউদ্দিন উপজেলায় জামায়াতে ইসলামী ও বিএনপির মধ্যে পাল্টাপাল্টি হামলার অভিযোগ উঠেছে। রবিবার (২৫ জানুয়ারি ২০২৫) সন্ধ্যা ছয়টার দিকে বোরহানগঞ্জ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মধ্যে একাধিকবার ধাওয়া-পাল্টা ধাওয়া হয় বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোলা–২ আসনের আওতাধীন বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ বাজার এলাকা দিয়ে জামায়াতে ইসলামীর একটি পূর্বঘোষিত মিছিল শান্তিপূর্ণভাবে অগ্রসর হচ্ছিল। এ সময় হঠাৎ করে বিএনপির কয়েকজন নেতাকর্মী মিছিলে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা হান্নান অভিযোগ করে বলেন, আমাদের মিছিলটি ছিল সম্পূর্ণ শান্তিপূর্ণ। কোনো ধরনের উসকানি ছাড়াই বিএনপির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায় এবং আমাদের কর্মী আলম মাস্টার গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ভোলায় পাঠানো হয়েছে।
অন্যদিকে পক্কিয়া ইউনিয়ন বিএনপির সেক্রেটারি অভিযোগ করে বলেন, নামাজের পর জামায়াতের নেতাকর্মীরা আমাদের ওপর হামলা চালায়। আমি পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আমার মাথায় আঘাত করা হয় এবং মাথা ফেটে যায়।
খবর পেয়ে বোরহানউদ্দিন থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
এ বিষয়ে বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




