‘খুব শিগগিরই’ দেশে ফিরবেন তারেক রহমান : মির্জা ফখরুল

বরিশাল জার্নাল ডেস্ক

নির্বাচনের তফসিল ঘোষণার প্রাক্কালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘খুব শিগগিরই’ দেশে ফেরার বার্তা দিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকালে বিএনপি আয়োজিত ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী বক্তব্যে দলের মহাসচিব এই বার্তা দেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে যেহেতু সবই এখানে উপস্থিত আছেন, আমাদের নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমি আপনাদেরকে জানাতে চাই যে আমাদের নেতা ‘খুব শিগগিরই’ আমাদের মাঝে আসবেন।

তিনি বলেন, আমাদের নেতা যেদিন আমাদের মাঝে আসবেন, যেদিন বাংলাদেশে পা দেবেন সেদিন যেন সমগ্র বাংলাদেশ কেঁপে ওঠে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে… পারবেন তো। ইনশাআল্লাহ। আমরা সেদিন গোটা বাংলাদেশের চেহারাকে বদলে দিতে চাই।

মির্জা ফখরুল বলেন, আমরা সামনের দিকে আগাতে চাই, প্রগতির দিকে আগাতে চাই। বাংলাদেশকে আমরা একটা মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের নেতার যে চিন্তাভাবনা তা বাস্তবায়িত করার জন্য আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই।

রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনার কর্মসূচি’ শীর্ষক এই কর্মশালা অনুষ্ঠিত হয়। গত রোববার থেকে এই কর্মশালা বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা অংশ নিচ্ছেন।

মির্জা ফখরুল বলেন, এখন সংগ্রাম-লড়াই হচ্ছে আমাদের এই নির্বাচনে জয় লাভ করার। এই নির্বাচনে আমাদেরকে পুরোপুরিভাবে জয় লাভ করতে হবে, যাতে আমরা বাংলাদেশকে সামনে দিকে এগিয়ে নেয়ার পাই। অনেক বাধা আসবে, অনেক বিপত্তি আসবে, আমাদের বিরুদ্ধে অনেক প্রচারণা হচ্ছে, হতে থাকবে। কিন্তু এই সবগুলোকে কাটিয়ে উঠে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে চাই। বিএনপি কোনোদিনই পরাজিত হয়নি, পরাজিত হবে না সবসময় অগ্রবর্তী চিন্তা করি।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top