জয়ের সেঞ্চুরিতে চালকের আসনে বাংলাদেশ

বরিশাল জার্নাল ডেস্ক

সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষেও চালকের আসনে বাংলাদেশ। বল হাতে আইরিশদের সকাল সকাল গুটিয়ে দেয়ার পর ব্যাট হাতেও দাপট দেখাচ্ছে টাইগাররা। ইতোমধ্যে নিতে শুরু করেছে লিড, আছে বড় পুঁজির পথে।

বুধবার দ্বিতীয় দিনে আয়ারল্যান্ড খেলতে পারে কেবল ১৪ বল, তোলে ১৬ রান। ২৭০ রান নিয়ে দিন শুরু করা আইরিশরা ২৮৬ রানে গুটিয়ে যায়। মেহেদী মিরাজ ৩, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও হাসান মুরাদ নেন ২টি করে উইকেট। একটি উইকেট নেন নাহিদ রানা।

জবাবে মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরি, সাদমান ইসলাম ও মুমিনুল হকের জোড়া হাফ সেঞ্চুরিতে ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। স্বাগতিকদের লিড দাঁড়িয়েছে ৫২ রানে।

শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে দল থেকে বাদ পড়েন মাহমুদুল হাসান জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েই জ্বলে উঠলেন। ফেরাটা রাঙান সেঞ্চুরি করে। দিনশেষে অপরাজিত আছেন ১৬৯ রান নিয়ে।

এদিন ব্যাটিংয়ে নেমে ৪১ ওভারে কোনো উইকেট হারায়নি বাংলাদেশ। দুই ওপেনার জয় ও সাদমান ইসলাম দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। দুজনেই ছুটতে থাকেন শতকের পথে। খেলতে থাকেন ওয়ানডে মেজাজে।

তবে দুজনের একসাথে সেঞ্চুরি পাওয়া হয়নি। জয় তিন অঙ্কে পৌঁছালেও সাদমান আউট হন ১০৪ বলে ৮০ রান করে। তাতে ভাঙে ১৬৮ রানের উদ্বোধনী জুটি। এরপর মাঠে আসেন মুমিনুল হক। জমে উঠে তাদের জুটিও।

১৯০ বলে তিন অঙ্কে পৌঁছান জয়। দিনশেষে ২৮৩ বলে ১৬৯ রানে অপরাজিত আছেন তিনি। ১২৪ বলে ৮০ রানে অপরাজিত আছেন মুমিনুল হক। দুজনের জুটিতে যোগ হয়েছে ২৬৩ বলে ১৭০ রান। লিড ৫২ রানের।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top