সবাইকে নিয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন দেখতে চাই : ডা. শফিক

বরিশাল জার্নাল ডেস্ক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমাদের মধ্যে মতানৈক্য থাকবে, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। এটার জন্য এখানে বিরোধ লেগে গেছে অথবা দেশ একেবারে অস্থির হয়ে গেছে আমরা এইটুকু চিন্তা করতে রাজি নই।’

তিনি বলেছেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন আমরা, আপনারা, দেশবাসী- সবাই দেখতে চাই, ইনশাআল্লাহ। শুধু আমরা না, সবাইকে নিয়ে।’

সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর শেষে মঙ্গলবার (৪ নভেম্বর) ভোরে দেশে ফেরেন ডা. শফিকুর রহমান। ভোর সাড়ে ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে দলটির নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এর এক সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, (এই সফরে) বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশী যারা যুক্তরাষ্ট্রে বসবাস করেন, তাদের সাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছি। তাদের কথাগুলোও শোনার সুযোগ হয়েছে এবং বিভিন্ন ব্যাপারে আমরা তাদেরকে আশ্বস্ত করে এসেছি। বিশেষ করে গুরুত্বপূর্ণ দু’টি কথা, দু’টি মেসেজ তাদেরকে দিয়েছি। একটা মেসেজ হচ্ছে বাংলাদেশ আমাদের সকলের। দীর্ঘদিনের বঞ্চনা এবং নিষ্পেশন ও ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ মুক্ত হয়েছে। মুক্তির এই সংগ্রামে দেশবাসীর সাথে প্রবাসে যারা ছিলেন, তারাও সমানতালে লড়াই করেছেন। তাদের অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য। তাদের সেই অবদানের আমরা তাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছি।’

তিনি বলেন, ‘আমরা বলেছি, প্রবাসীদের সবচেয়ে বড় অধিকার ভোটাধিকার এত দিন ছিল না। এ দাবি সবার আগে আমরা তুলেছিলাম এবং এ দাবি আমরা ছেড়ে দিইনি। আমরা এ দাবি নিয়ে প্রধান উপদেষ্টা ও নির্বাচন কমিশনসহ গুরুত্বপূর্ণ সকল জায়গায় প্রবাসীদের হয়ে কথা বলেছি। আমরা সরকার এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই; এই প্রথমবারের মতো ব্যাপক-ভিত্তিক আমাদের প্রবাসীদেরকে ভোটার করার উদ্যোগ নিয়েছেন।

তাকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন,জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান (সাবেক এমপি) ও মাওলানা আনম শামসুল ইসলাম (সাবেক এমপি), সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম ও অ্যাডভোকেট মোয়াযযম হোসাইন হেলাল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো: শাহাবুদ্দিন ও মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির মো: সেলিম উদ্দিন, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top