ইমাম নির্বাচন কেন্দ্র করে বিএনপি-জামায়াতের সংঘর্ষ, জামায়াত কর্মী নিহত

ডেস্ক রিপোর্ট

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদগাহে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে একজন নিহত হয়েছেন।

 

শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

নিহত আলাউদ্দিন জামায়াতের কর্মী বলে দাবি করছে দলটির নেতাকর্মীরা।

 

ঘটনার পর থেকে জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এছাড়া একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টায় সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদের তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনাসভা ছিল। আলোচনা সভায় স্থানীয় জামায়াত এবং বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উভয়পক্ষ নিজেদের পছন্দের লোককে নিয়োগ দেওয়া নিয়ে তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। একপর্যায়ে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এসময় বেশ কয়েকজন আহত হন এবং একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আহত আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে নিহত আলাউদ্দিন জামায়াতের কর্মী বলে এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন মোহনপুর উপজেলা জামায়াতের আমির জি এম আব্দুল আওয়াল।

এ বিষয়ে মোহনপুর থানার ওসি এস এম মইনুদ্দিন এশিয়া পোস্টকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এশিয়া পোস্ট

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top