দৈনিক বাংলাদেশ বাণীর প্রতিনিধি সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

২০২৪ সালের ১ নভেম্বর নতুন আঙ্গিকে রঙিন ছাপায় প্রকাশ শুরু হয় দৈনিক বাংলাদেশ বাণী। সে হিসেবে আগামী ১ নভেম্বর নতুন ব্যবস্থাপনায় প্রকাশের এক বছর পূর্তি হবে। বর্ষপূর্তি উপলক্ষে শুক্রবার বরিশাল প্রেসক্লাব অডিটরিয়ামে জেলা ও উপজেলা প্রতিনিধিদের নিয়ে আয়োজন করা হয় প্রতিনিধি সম্মেলন।

বাংলাদেশ বাণীর প্রকাশক অ্যাডভোকেট মু. শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাংলাদেশ বাণীকে দক্ষিণাঞ্চলের প্রতিটি জনপদের পাঠকের কাছে পৌঁছে দিতে হবে এবং সেখানকার খবরগুলোও তুলে আনতে হবে। সব শ্রেণি-পেশার মানুষের কণ্ঠস্বর হয়ে উঠতে হবে বাংলাদেশ বাণীকে।

তিনি আরো বলেন, মফস্বলে- বিশেষ করে উপজেলা পর্যায়ে সাংবাদিকতা করা অনেক বেশি চ্যালেঞ্জের। সেখানে অনেক বেশি বাধা বিপত্তি আসে, তবে নৈতিকতা ও সাহসিকতার সাথে কাজ করতে পারলে আপনারা সেই সব চ্যালেঞ্জ জয় করতে পারবেন বলে আমি বিশ্বাস করি।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ বাণী নতুন আঙ্গিকে প্রকাশের প্রথম বছরে যেভাবে প্রচার সংখ্যায় শীর্ষে উঠে এসেছে, একইভাবে আগামী দিনগুলোতে অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং জাতি গঠনে ভূমিকা রাখবে বলে বিশ্বাস করি।

অনুষ্ঠানের ফাঁকে রহমতুল্লাহ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ বাণী পরিবারকে ফুলেল শুভেচ্ছা জানান।

সম্পাদক মন্ডলীর সভাপতি ডা. কে এম জাহিদুল ইসলাম বলেন, আল্লাহ আমাদেরকে সত্য ন্যায়ের সাথে কাজ চালিয়ে নেয়ার যে সুযোগ দিয়েছেন সেটাকে পুরোপুরি কাজে লাগাতে হবে। সেটি করতে পারলে বাংলাদেশ বাণী যেমন সংবাদমাধ্যম হিসেবে বড় হয়ে উঠবে, পাশাপাশি বরিশাল অঞ্চলের সংবাদমাধ্যমের চিত্রও বদলে যাবে।

সম্পাদক আযাদ আলাউদ্দীন বলেন, প্রচার সংখ্যায় শীর্ষে আসার পর শিগগিরই বাংলাদেশ বাণী মাল্টিমিডিয়া জার্নালিজম নিয়ে দর্শকদের সামনে হাজির হবে। আমরা ছাপা কাগজের মতো মাল্টিমিডিয়াতেও বরিশালের শীর্ষস্থান অর্জন করতে চাই।

প্রকাশক অ্যাডভোকেট মু. শাহে আলম তার সমাপনী বক্তৃতায় বলেন, বাংলাদেশ বাণী বৈষম্যের বিরুদ্ধে যে স্লোগান নিয়ে প্রকাশিত হতে শুরু করেছে সেই জায়গা থেকে চুল পরিমাণও বিচ্যুত হওয়া যাবে না।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দৈনিক কীর্তনখোলার ভারপ্রাপ্ত সম্পাদক ও বাংলাদেশ বাণীর প্রাক্তন বার্তা প্রধান পথিক মোস্তফা, জাতীয় দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সিনিয়র রিপোর্টার সাখাওয়াত প্রিন্স, বাংলাদেশ বাণীর বার্তা সম্পাদক ফাহিম ফিরোজ, বিশেষ প্রতিবেদক আহমেদ বায়েজীদ, বিজ্ঞাপন ব্যবস্থাপক কামাল হোসেন শিকদার, সার্কুলেশন ম্যানেজার আহমেদ রিপন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top