লালমোহনে নারী কর্মী হেনস্তার অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের

লালমোহন প্রতিনিধি

ভোলার লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়চাঁদ বাজার এলাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নারী কর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করে প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখার পক্ষ থেকে পাঠানো এক প্রেস রিলিজে জানানো হয়, বৃহস্পতিবার (আজ) সকাল আনুমানিক ১১টার দিকে গণভোট ও নির্বাচনসংক্রান্ত সাংগঠনিক কার্যক্রম চলাকালে বিএনপি-সমর্থিত কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে ওই নারী কর্মীর ওপর হামলা ও হেনস্তা চালায়।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও দাবি করা হয়, ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং পরবর্তীতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয় পরিবেশ অস্থিতিশীল হয়ে পড়ে।

জামায়াতে ইসলামী অভিযোগ করে, শান্তিপূর্ণ রাজনৈতিক কার্যক্রমে বাধা দিতে এবং রাজনৈতিক পরিবেশকে অশান্ত করতে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। তারা একে শুধু রাজনৈতিক সহিংসতা নয়, বরং নারী মর্যাদা ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করে।
সংগঠনটির পক্ষ থেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—
ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণ।
একই সঙ্গে জামায়াতে ইসলামী লালমোহন উপজেলা শাখা তাদের নেতাকর্মী ও সাধারণ জনগণকে ধৈর্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানায় এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে আইনগত ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
এ বিষয়ে অভিযুক্ত পক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top