মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা:
ভোলার বোরহানউদ্দিন পৌরসভার নাগরিকদের স্বাস্থ্য ও বিনোদনের সুবিধার্থে শুরু হয়েছে বেশ কয়েকটি উন্নয়ন প্রকল্পের কাজ। এর মধ্যে রয়েছে ওয়াকওয়ে, ব্যাডমিন্টন কোর্ট ও আধুনিক জিমনেসিয়াম নির্মাণ।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, দীর্ঘদিন জমি সংকটের কারণে এসব প্রকল্প বাস্তবায়ন সম্ভব হচ্ছিল না। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রায়হান-উজ্জামানের সহযোগিতায় শিশু পার্ক সংলগ্ন খালি জায়গায় স্থাপনা নির্মাণের অনুমতি মেলে।
ইতোমধ্যে ২০২৪-২৫ অর্থবছরের বরাদ্দ থেকে ওয়াকওয়ে, ব্যাডমিন্টন কোর্ট ও বাউন্ডারি নির্মাণের কাজ শুরু হয়েছে। আগামী অর্থবছরের বরাদ্দ থেকে একটি আধুনিক জিমনেসিয়াম যুক্ত করা হবে বলেও জানান পৌর প্রশাসক।
এছাড়া খেয়াঘাট এলাকায় সৌন্দর্যবর্ধনের কাজও চলছে। খেয়াঘাট ব্রিজের নিচে একটি বিনোদনকেন্দ্র স্থাপনের কার্যক্রম শুরু হতে যাচ্ছে। একইসাথে ব্রিজ থেকে পুরাতন খেয়াঘাট পর্যন্ত নদীর পাড়ে ওয়াকওয়ে ও রেলিং নির্মাণ প্রকল্পও বাস্তবায়নাধীন রয়েছে।




