বোরহানউদ্দিনে মাথা গোঁজার ঠাঁই পেল দুই পরিবার

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় গৃহহীন, ক্ষতিগ্রস্ত ও বস্তিবাসী হতদরিদ্র পরিবারের মুখে ফুটেছে হাসি। সরকারের গৃহনির্মাণ কর্মসূচির আওতায় অন্ধ কুরআনের হাফেজ মোঃ বেল্লালসহ দুইটি অসহায় পরিবার পেয়েছেন মাথা গোঁজার ঠাঁই।

উপজেলা সমাজসেবা প্রকল্প বাস্তবায়ন কমিটির উদ্যোগে সরকারি নির্দেশনা অনুসারে এ দুই পরিবারকে সম্পূর্ণ নতুন ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। পুরো কার্যক্রমের সার্বিক তদারকি ও সফল বাস্তবায়নে ভূমিকা রাখেন বোরহানউদ্দিনের সাবেক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রায়হান-উজ্জামান। তার মানবিক উদ্যোগ ও নিবিড় পর্যবেক্ষণে ঘর নির্মাণের কাজ নির্ভুলভাবে সম্পন্ন হয়।

উপজেলা সমাজসেবা অফিসার মিয়া মনজুর এ এলাহি আল-আমীন জানান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্দেশনা অনুসারে ভিটেমাটিহীন ও বস্তিবাসী পরিবারের পুনর্বাসনের অংশ হিসেবে সার্ভেয়ারের জরিপ ও বাস্তব যাচাই-বাছাই শেষে সবচেয়ে বেশি প্রয়োজন এমন দুই পরিবারকে নির্বাচন করা হয়।

নির্বাচিত পরিবার দুটি মোঃ বেল্লাল (অন্ধ হাফেজ), গঙ্গাপুর ইউনিয়নের জয়া গ্রামের ০১ ওয়ার্ডের বাসিন্দা এবং অন্যজন হলেন গঙ্গাপুর গ্রামের সফিকুল। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটি তাদের আবেদনের সত্যতা যাচাই করে গৃহনির্মাণের অনুমোদন প্রদান করে।

ঘরপ্রাপ্ত অন্ধ হাফেজ মোঃ বেল্লাল আবেগঘন কণ্ঠে বলেন, অন্ধ মানুষ, তেমন কোনো আয়-রোজগার নেই। নিজের একটা মাথা গোঁজার জায়গা হবে—এটা স্বপ্নের মতো ছিল। সরকার আমাদের যেভাবে পাশে দাঁড়িয়েছে, তা কখনো ভুলব না।

অন্য উপকারভোগী সফিকুল বলেন নিজের ঘর হবে—এই আশা অনেক আগেই ছেড়ে দিয়েছিলাম। আজ সরকার আমাদের নতুন জীবন দিয়েছে। আমরা অত্যন্ত কৃতজ্ঞ।

এলাকাবাসী ও জনপ্রতিনিধিরা সমাজসেবা অফিসের স্বচ্ছতা, দ্রুত সিদ্ধান্ত এবং দুই পরিবারকে সঠিকভাবে নির্বাচন করায় ধন্যবাদ জানান। তাদের মতে, এই উদ্যোগ শুধু একটি ঘর নয়—হারিয়ে যাওয়া মানুষের জীবনে ফিরে এসেছে নতুন আলো, নতুন নিরাপত্তা।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top