মোঃমিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
সিরাতুন্নবী (সঃ) উপলক্ষ্যে সমাজে সুস্থ সংস্কৃতি ছড়িয়ে দিতে বোরহানউদ্দিন সাংস্কৃতিক সংসদ(বোসাস) আয়োজিত সাংস্কৃতিক সন্ধ্য রবিবার ভোলার বোরহানউদ্দিন উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক সংগঠক মুহা. আনোয়ার হোসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানটি বিকেলে শুরু হয়ে চলে রাত রাত এগারটা পর্যন্ত।
প্রধান অতিথির বক্তব্য বোরহানউদ্দিন সাংস্কৃতিক সংসদ এর প্রধান উপদেষ্টা ও বোরহানউদ্দিন কামিল মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা মাকসুদুর রহমান বলেন, রাসুল (সঃ) এর আদর্শ বাস্তবায়নের মাধ্যেমে সমাজের সকল স্তরে ইসলামী সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করার জন্য সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষদেরকে এগিয়ে আসার আহবান জানান।
সভাপতির বক্তব্য বোরহানউদ্দিন সাংস্কৃতিক সংসদ এর আহবায়ক ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাসনাইন বলেন, আমাদের সকল কার্যকলাপ ও সংস্কৃতিই হচ্ছে ইসলামি সংস্কৃতি। যা আদি পিতা আদম ( আঃ) থেকে সর্বশেষ নবী ও রাসুল হযরত মুহাম্মদ (সাঃ) পর্যন্ত ধারাবাহিকভাবে চলে আসছে। আর আমাদের বিপরীতে যা কিছু আছে তা হলো অপসংস্কৃতি। জুলাই বিপ্লবের মাধ্যমে এ দেশ থেকে সকল অপসংস্কৃতি দুর হতে চলছে। সুতরাং আমাদেরকে এই বিপ্লব কাজে লাগাতে হবে।
সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশিষ্ট সংগীত শিল্পী এ্যাড. রোকনুজ্জামান, আল-হেরা শিল্পী গোষ্ঠী, দ্বীপাঞ্চল শিল্পীগোষ্ঠী, বিশিষ্ট কারী এনায়েতুল্লাহ সাইফী সহ স্থানীয় শিল্পীরা ইসলামী সংগীত, দেশাত্মবোধক গান, দ্রোহের গান পরিবেশন করেন।




