বরগুনায় বাবার ছুরিকাঘাতে মাদকাসক্ত ছেলে নিহত

বরিশাল জার্নাল ডেস্ক

বরগুনা জেলার তালতলী উপজেলায় মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার ছুরিকাঘাতে সফিক (২৭) নামে মাদকাসক্ত ছেলে নিহত হয়েছেন।

সোমবার (১৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৬টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. সফিক পাশ্ববর্তী পাথরঘাটা উপজেলার কালমেঘা এলাকার হারুন হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জীবিকার তাগিদে হারুন হাওলাদার পরিবারসহ গত পাঁচ বছর ধরে উপজেলার ফকিরহাটের ইদুপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। মো. সফিক দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে একাধিকবার রিহ্যাবিলিটেশন সেন্টারে পাঠানো হলেও কোনো সুফল পাওয়া যায়নি।

সর্বশেষ গত ৭ অক্টোবর মাদক মামলায় গ্রেপ্তার হয়ে ১০ ডিসেম্বর কারাগার থেকে মুক্তি পান সফিক। মুক্তির পর বাড়িতে ফিরে প্রায়ই বাবার কাছে মাদকের টাকা দাবি করতেন। ঘটনার দিন দুপুরে টাকা দিতে অস্বীকৃতি জানালে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা ধস্তাধস্তিতে রূপ নেয়। এ সময় হারুন হাওলাদারের হাতে থাকা ছুরি দিয়ে সফিকের পিঠে আঘাত করা হয়। এতে গুরুতর আহত ছেলেকে তিনি নিজেই তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে হারুন হাওলাদার সেখান থেকে পালিয়ে যান।

নিহতের মা রাসেদা বেগম বলেন, আমার ছেলে মাদকাসক্ত ছিল। অনেকবার রিহ্যাবে দিয়েছি, জেলেও গেছে। কিন্তু ছাড়া পাওয়ার পরও সে ঠিক হয়নি। আজ বাবা-ছেলের ঝগড়ার একপর্যায়ে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, মাদকের টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবার সঙ্গে ছেলের বিরোধের একপর্যায়ে ছুরিকাঘাতে সফিক নিহত হয়েছেন। অভিযুক্ত বাবা নিজেই তাকে হাসপাতালে নিয়ে আসেন। তবে মৃত্যুর পর থেকে তিনি পলাতক রয়েছেন। এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top