তেতুলিয়া নদীতে ছেলেকে বাঁচাতে গিয়ে মা নিখোঁজ

 

মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা) সংবাদদাতা

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাকেরভিটা এলাকায় তেতুলিয়া নদীতে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবন্ধী যুবক মোঃ তানজিল (১৭) নদীতে পড়ে যায়। তাকে উদ্ধারের জন্য তার মা জেসমিন (৩৬) নদীতে ঝাঁপ দেন। কিন্তু মুহূর্তের মধ্যে পানির স্রোতে তলিয়ে গিয়ে তিনি নিখোঁজ হয়ে যান। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ছেলে তানজিলকে উদ্ধার করা সম্ভব হলেও মায়ের কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজের দাদা মোঃ শাহজাহান খান জানান, সকাল সাড়ে ৮টার দিকে আমার নাতি নদীতে পড়ে গেলে আমার ছেলের বউ তাকে উদ্ধারের জন্য ঝাঁপ দেয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সে আর উঠে আসতে পারেনি।

খবর পেয়ে বোরহানউদ্দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ জেসমিনের সন্ধান মেলেনি।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top