জুবাইর আল হাদী, ঝালকাঠি
‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠিতে অনুষ্ঠিত হলো ‘বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠান। বুধবার সকাল ১০টায় ঝালকাঠি শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র্যালির মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা করেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
ঝালকাঠি জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, বরিশালের যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল্লাহ আল-মামুন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সামাজিক বন বিভাগ, বরিশালের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ কবির হোসেন পাটোয়ারী।
বক্তারা তাদের বক্তব্যে পরিবেশ সংরক্ষণ, পরিকল্পিত বনায়নের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় গণসচেতনতা তৈরির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মেলার মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শন ও বিতরণের মাধ্যমে সাধারণ মানুষকে বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।




