মোঃ মিজানুর রহমান, বোরহানউদ্দিন (ভোলা)
বৃহস্পতিবার (২৬ জুন) উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ বোরহানউদ্দিন মহিলা কলেজ কেন্দ্র পরিদর্শন করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রায়হান উজ্জামান।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মেহেদী হাসান এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা। তাঁরা পরীক্ষার পরিবেশ, প্রশ্নপত্রের নিরাপত্তা ও স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
কোভিড-১৯ এর ঝুঁকি প্রতিরোধে পরীক্ষার্থীদের মাঝে মাস্ক বিতরণ করা হয় এবং স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সংশ্লিষ্ট সকলকে সচেতন থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান কর্মকর্তাবৃন্দ।
পরীক্ষার সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ বজায় রাখায় প্রশাসনের এই উদ্যোগে শিক্ষার্থী ও অভিভাবক মহল সন্তোষ প্রকাশ করেন।




