শফিকুল ইসলাম, আগৈলঝাড়া (বরিশাল)
বরিশালের আগৈলঝাড়ায় সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে চাচীর পা ভেঙ্গে দিয়েছে ভাতিজা। গুরুতর অবস্থায় চাচীকে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের তালতার মাঠ গ্রামের বিধান ভক্তের সাথে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে বিবেক হালদারের। এই নিয়ে রোববার সকালে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায় চাচী রেবা রানী ভক্তের উপর ভাতিজা বিবেক হালদার হামলা করে, এতে তার পা ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় রেবা ভক্তের স্বামী বিধান ভক্ত বাদী হয়ে রোববার রাতে আগৈলঝাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে ওই রাতেই এসআই মো. মিরাজুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন।
অভিযুক্ত ভাতিজা বিবেক হালদার মোবাইল ফোন ব্যবহার না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
এ ব্যাপারে এসআই মোঃমিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।




