বরিশাল জার্নাল ডেস্ক
১৬ বছরের ভাড়া বকেয়া থাকায় বরগুনায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছে বরগুনা সদর উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের জমিতে তৈরি একটি ঘর ভাড়া নেয়া হয়েছিল; কিন্তু ১৬ বছর ধরে ভাড়ার একটি টাকাও পরিশোধ করা হয়নি।
গত রবিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে আওয়ামী লীগের জেলা কার্যালয়টি তালাবদ্ধ করে উপজেলা প্রশাসন। একই সাথে আগামী ১৫ অক্টোবরের মধ্যে ভাড়া পরিশোধ না করলে ভাড়ার চুক্তি বাতিল করা হবে উল্লেখ করে অফিসের সামনে টানিয়ে দেওয়া হয়েছে নোটিশ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বরগুনা পৌরশহরের শের-ই বাংলা রোডের ফার্মেসি পট্টি নামক এলাকায় ভাড়ার চুক্তিতে ৫৫২ স্কয়ার ফিট আয়তনের একটি জমিতে ঘর তৈরি করে বরগুনা জেলা আওয়ামী লীগ। পরে ওই ঘরটিকেই জেলা আওয়ামী লীগের কার্যালয় হিসেবে ব্যবহার করা করা হয়।
তবে ২০০৯ সালের পর থেকে ঘরের কোনো ভাড়া পরিশোধ করা হয়নি।
ভাড়ার চুক্তিপত্র অনুযায়ী, জেলা পরিষদের সকল জমির ভাড়া প্রতি দুই বছর পরপর ২০ শতাংশ হারে বৃদ্ধি করা হয়। সেই হিসেব অনুযায়ী ১৬ বছরে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের বকেয়া ভাড়ার পরিমাণ দাঁড়িয়েছে আড়াই লাখ টাকারও বেশি।
সরেজমিনে ঘুরে দেখা যায়, মাত্র দুইমাস আগেও যে ঘরটিতে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীদের পদচারণা সে ঘরটিতে ঝুলছে তালা। এছাড়া কার্যালয়ের দুটি প্রবেশ মুখে উপজেলা নির্বাহী অফিসারের স্বাক্ষরিত কাগজে লেখা নোটিশসহ টানিয়ে দেওয়া হয়েছে লাল রংয়ের একটি বড় আকারের ব্যানার।




