বরিশাল জার্নাল ডেস্ক
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা শাখা। ১৪ই ডিসেম্বর শনিবার বিকেলে নগরীর একটি অডিটরিয়ামে এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহম্মদ খানের সঞ্চালনায় বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের নায়েবে আমির ড. এসএম মাহফুজুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মোঃ নুরুল হক সোহরাব প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৭১ সালের ডিসেম্বরে স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশ যখন আত্মপ্রকাশের দ্বারপ্রান্তে ছিল তখন জাতিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবী হত্যাকাণ্ড চালানো হয়। যার চায়নি বাংলাদেশ স্বাধীন দেশ হিসেবে মেধা ও যোগ্যতায় স্বনির্ভর হয়ে উঠুক, তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করেছে এ বিষয়ে কারো সন্দেহ নেই।
তারা আরো বলেন, এখনো বাংলাদেশকে নিজের পায়ে দাড়াতে দেখতে পছন্দ করে না কিছু গোষ্ঠি, তারা নানাভাবে বাংলাদেশের বিরুদ্ধে সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। সেই ষড়যন্ত্র রুখে দিয়ে দেশপ্রেমিক সকল নাগরিককে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হয়ে পথ চলতে হবে।
সভা শেষে শহিদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাতের জন্য বিশেষে দোয়া মোনাজাত করা হয়।




