মাহমুদুল হাসান,বানারীপাড়া
বরিশালের বানারীপাড়ার জম্বুদ্বীপ গ্রামের পারিবারিক কবরস্থান থেকে ২৮ নভেম্বর দুপুরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রাকিব বেপারির (২০) লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়েছে।
বানারীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বায়েজিদুর রহমানের নেতৃত্বে ঢাকা থেকে আসা তদন্ত টিম লাশ উত্তোলন করে। এসময় উপস্থিত ছিলেন বানারীপাড়া থানার এসআই মোঃ নুরুল ইসলাম ও শফিকুল ইসলাম।
সদ্যবিবাহিত গার্মেন্টস শ্রমিক শহিদ রাকিব বেপারী ২১ জুলাই ঢাকার চিটাগাং রোডের সাইনবোর্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে গুলিবিদ্ধ হন এবং হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার ।শহিদ রাকিব বেপারীর লাশ বিগত আওয়ামী লীগ সরকারের চাপে হাসপাতাল কর্তৃপক্ষ ময়নাতদন্তে অস্বীকৃতি জানালে ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়িতে এনে দাফন করা হয়।
রাকিব বেপারির লাশ উত্তোলনের ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার বায়েজিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, রাকিব বেপারী জুলাই গণঅভ্যুত্থানে নিহত হয়েছে কিনা তা নিশ্চিত হওয়ার জন্যই লাশটি উত্তোলন করা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে তার লাশ পুনরায় দাফন করা হবে।
নিহত রাকিব বেপারী পারিবারিক অভাব অন্টনে থাকার কারণে নবম শ্রেণী পাস করার পরেই নারায়ণগঞ্জের বিসিক এলাকায় একটি গার্মেন্টসে চাকরি নিয়েছিল। রাকিব বেপারী বানারীপাড়া উপজেলার সদর ইউনিয়নের জম্বুদীপ গ্রামের মোশাররফ বেপারী ও রাশিদা বেগমের পুত্র এবং তিনি গত এপ্রিলে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন।




