বানারীপাড়ায় জামায়াত নেতার ওপর হামলা: বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

 

বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় জামায়াতে ইসলামীর পৌর শাখার ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠুর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ও পৌর জামায়াত। হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

বুধবার (৪ জুন) বিকেল ৫টায় বানারীপাড়া প্রেসক্লাবে পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত ৩ জুন সকালে ঈদ-উল আযহা উপলক্ষে ভিজিডি’র চাল বিতরণ চলাকালে পৌর ভবনে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পৌরসভার ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর কবির মিয়ার ছেলে কামরুল ও আ: রবের ছেলে শুভর নেতৃত্বে ৮-১০ জনের একটি দল ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু ও নাগরিক কমিটির সদস্য রুনু বেগমকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং একপর্যায়ে মিঠুর ওপর হামলা চালায়। এতে মিঠুকে বেধড়ক মারধর করা হয় এবং পরিবেশ চরম ভীতিকর হয়ে ওঠে। পরিস্থিতি বিবেচনায় চাল বিতরণ কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়।

হামলার ঘটনায় মিঠু ৩ জুন বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দাখিল করেন। পরে ৪ জুন বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কাছে হামলাকারীদের বিচারের দাবিতে লিখিত অভিযোগ দেয় জামায়াত নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো. মোকাম্মেল হক মোজাম্মেল, পৌর জামায়াত আমীর মো. কাওসার হোসেন, পৌর জামায়াতের বায়তুল মাল সম্পাদক মো. জুয়েল, যুব জামায়াতের সেক্রেটারি হাসিবুল ইসলাম, তথ্য ও মিডিয়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান, যুব জামায়াত নেতা মীর নবাব, হামলার শিকার ক্রীড়া সম্পাদক নুরুজ্জামান মিঠু এবং জামায়াতের অসংখ্য সুধী ও শুভাকাঙ্ক্ষী।

নেতৃবৃন্দ এ ঘটনাকে পরিকল্পিত সন্ত্রাসী হামলা হিসেবে আখ্যা দিয়ে কামরুল, শুভসহ জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনার জোর দাবি জানান।

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top