ডেস্ক রিপোর্ট
বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ায় একটি মাদরাসা ও এতিমখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় নামাজ পড়তে মসজিদে থাকায় ৩৫ শিক্ষার্থী ও শিক্ষকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের মহাবাজ এলাকার মাদিনাতুল উলুম নূরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানা লিল্লাহ বোর্ডিংয়ে এ অগ্নিকাণ্ড ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় মাগরিবের নামাজ আদায়ের জন্য প্রতিষ্ঠানটির ৩৫ শিক্ষার্থী ও শিক্ষক পাশের একটি মসজিদে যান। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মাদরাসাটিতে অগ্নিকাণ্ড ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে সকলে নামাজে থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা জহিরুল ইসলাম বলেন, মাগরিবের নামাজ আদায়ের জন্য মাদরাসার ৩৫ জন শিক্ষার্থী ও শিক্ষক পার্শ্ববর্তী একটি মসজিদে ছিলেন। নামাজ শেষে খবর পেয়ে ছুটে এসে দেখেন পুরো মাদরাসায় আগুন জ্বলছে। আগুনে মাদরাসার সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রবিউল আল আমিন বলেন, বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।




