মোঃ হানিফ সরদার, গৌরনদী (বরিশাল) : গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠান রবিবার দুপুরে গৌরনদী উপজেলা পরিষদ মিলনায়তনে রূপ নিয়েছিলো এক আবেগঘন পরিবেশে। সবার চোখে ছিলো বিদায়ের অশ্রু। গোটা উপজেলাবাসীর ভালবাসায় সিক্ত হয়েছেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।
শ্রদ্ধা, ভালোবাসা, কৃতজ্ঞতা আর স্মৃতিময়তায় গণসংবর্ধনা শেষে বদলীজনিত কারণে বিদায় জানানো হয়েছে গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানকে। পাশাপাশি একই অনুষ্ঠানে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরিকে বরণ করে নেয়া হয়।
বিদায়ী ইউএনও আবু আবদুল্লাহ খান তার বক্তৃতায় বলেন, এই দায়িত্ব আমার কাছে শুধুমাত্র প্রশাসনিক কাজ নয়, এটি হলো মানুষের পাশে দাঁড়ানোর এক মহান সুযোগ। আমি বিশ্বাস করি, সবার সহযোগিতায় আমরা গড়বো একটি সুন্দর, উন্নত ও মানবিক গৌরনদী।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিদায় ও বরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. রাজিব হোসেন, উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, গৌরনদী মডেল থানার ওসি ইউনুস মিয়া, বিদায়ী ইউএনওর সহধর্মিনী অ্যাডভোকেট ফাতিমা আক্তার, গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহবায়ক জহুরুল ইসলাম জহির, সাবেক ইউপি চেয়ারম্যান মনজুর হোসেন মিলনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
একইদিন বিকেলে গৌরনদী প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।



