নিজস্ব প্রতিবেদক : ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে গিয়ে ইট ভাটার জলন্ত আগুনে অসাবধানতাবশত পা ফসকে পরে গিয়ে বরিশাল এয়ারপোর্ট থানার অগ্নিদগ্ধ এস আই মেহেদী হাসান মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকার শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মেহেদী হাসান বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন।
এর আগে গত ৬ই জানুয়ারি এয়ারপোর্ট থানাধীন বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা এলাকায় ওয়ারেন্টভূক্ত আসামি ধরতে গিয়ে অসাবধানতা বশত ইসলাম ব্রিকস ইট ভাটায় পড়ে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন এসআই মেহেদী হাসান। তখনই তার শরীরের নিচের দিকের বেশিরভাগ অংশ পুড়ে যায়।
স্থানীয় লোকজনের সহায়তায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় রেফার করেন। টানা ১০ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বৃহস্পতিবার দুপুরে মারা যান মেহেদী হাসান।
মৃত মেহেদী হাসান পুলিশের ৩৮তম ব্যাচের সদস্য ছিলেন। চার বছর আগে পুলিশে যোগদান করেন তিনি। সর্বশেষ এয়ারপোর্ট থানায় কর্মরত ছিলেন। এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকির শিকদার বলেন, আসামি ধরতে গিয়ে আগুনে পুড়ে যান এস আই মেহেদী। বৃহস্পতিবার দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। শুক্রবার তার গ্রামের বাড়ি বরগুনায় তাকে দাফন করা হবে।




