এইচ এম আনিছুর রহমান, মেহেন্দিগঞ্জ
মেহেন্দিগঞ্জের সীমান্তবর্তী হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের আলিগঞ্জ বাজারে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি ও মাদক কারবারিদের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে মানববন্ধন করেছেন ব্যবসায়ীরা। মঙ্গলবার সকাল ১১টায় আলিগঞ্জ বাজারের গোল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আলীগঞ্জ বাজার এলাকার মাদক কারবারি, চাঁদাবাজ ও সন্ত্রাসী বাবুল আকনের বিরুদ্ধে দোকান বন্ধ করে প্রায় ২শতাধিক ব্যবসায়ী এই মানববন্ধনে অংশগ্রহণ করেন। একাধিক ব্যবসায়ী জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয় রশিদ আকনের ছেলে একাধিক সন্ত্রাসী কার্যক্রমের হোতা, হত্যা মামলার আসামি, চাঁদাবাজ ও মাদক কারবারি বাবুল আকন আলিগঞ্জ বাজারের এক ব্যবসায়ীকে চাঁদার দাবিতে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করেন।
এর প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে ব্যবসায়িরা তাৎক্ষণিক এই মানববন্ধন করেন। তারা আরো জানান, বিগত সরকারের আমলে আলিগঞ্জ নামক এই জনপথটি ছিলো সন্ত্রাসের অভয় আশ্রম। এখানে একাধিক হত্যাসহ নানা সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটিত হয়েছে।
ঐতিহ্যবাহী জমজমাট এই বাজারটি সন্ত্রাসী কার্যক্রমের কারনে এখন মৃতপ্রায়। লোকজন সন্ত্রাসীদের ভয়ে কেনাকাটার জন্য এখন আর আগের মতো এই বাজারে আসেনা। ব্যবসায়ীদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। ২৪’র ৫ আগষ্ট ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সন্ত্রাসীরা পূর্বের জায়গায় রয়ে গেছে। স্থানীয়দের দাবী, আলীগঞ্জ বাজার এলাকার কিছু পাতি নেতা যারা বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে এমপি পংকজ নাথের আশির্বাদে ছিল,তারাই ভোলপাল্টে বর্তমানে সরকারি দলে ফিরে এসে সুনাম ক্ষুন্নের অপচেষ্টায় লিপ্ত রয়েছে। তাদের ছত্রছায়ায় বাবুল আকনের মতো আরো একাধিক সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক কারবারি আলিগঞ্জ বাজারসহ আশপাশের এলাকায় অপরাধের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে।
এলাকাটি দুই থানার সীমান্তবর্তী হওয়ায় অপরাধীরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। এদেরকে নির্মূল করতে হলে দুই থানার যৌথ কম্পিং অপারেশন জরুরি দরকার। তাই মাননীয় প্রতিমন্ত্রী রাজিব আহসান এমপিসহ প্রশাসনের কাছে এলাকাবাসী জোর দাবি জানিয়েছে, অবিলম্বে সন্ত্রাসী বাবুলসহ তার আশ্রয়দাতা নেতাদের গ্রেফতার করে বিচারের আওতায় এনে ঐতিহ্যবাহী আলিগঞ্জ বাজারের ব্যবসায়ী পরিবেশ ফিরিয়ে আনা হোক।




