মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর মির্জাগঞ্জে `মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশন’ এর উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে নয়টা থেকে প্রায় দুই ঘন্টা উপজেলা সদরস্থ সুবিদখালী সরকারি র.ই হাইস্কুল মাঠে অনুষ্ঠিত তাফসির করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাচ্ছিরে কুরআন হাফেজ মাওলানা মুফতি আমির হামজা।
মির্জাগঞ্জ সমাজকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান নাসির উদ্দিন জাহাঙ্গীরের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন পটুয়াখালী ফোরামের চেয়ারম্যান ডক্টর মু. শফিকুল ইসলাম মাসুদ। মুফতি আমির হামজা বক্তব্যে বলেন,গত ১৫ বছরে সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে জামায়াতে ইসলামী বাংলাদেশ এর দলের নেতাকর্মীরা। গত ৫ই আগস্ট আমরা নতুন করে স্বাধীনতা পেয়েছি। দেশের ছাত্র-জনতা বুকের তাজা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা এনে দিয়েছে এবং ৩৪ হাজার মানুষ আহত হয়েছে, কেউ এখনো হাসপাতালে ভর্তি আছেন। শহিদ আবু সাঈদের বাড়িতে আমি গিয়ে দেখেছি, তার বাবা মায়ের কান্না সহ্য করার মতো নয়। কী দোষ করেছিলো সে?
আমির হামজা বলেন, গত ৫ আগস্টের পরে হিন্দুরা বেশি নিরাপদে আছে। ৫ আগস্ট ১৪ টি সুটকেস নিয়ে পালিয়ে গেছে ফ্যাসিস্ট সরকার, তাদেরকে আর বাংলার জমিনে দেখা যাবে না। ২৫৭ টি রাষ্ট্রের মধ্যে বেশি মিথ্যা কথা ও মিথ্যা তথ্য ছড়াচ্ছে পার্শ্ববর্তী দেশ ভারত। তাই তাদের সাথে কোন দেশের সম্পর্কই ভালো নেই।
তিনি আরো বলেন, বিনা অপরাধে আটক রেখে আমাকে নির্যাতন করেছে। দেশের ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী হাসিনা দেশ থেকে গোপনে পালিয়ে গেছে।
এদিকে, ইসলামি বক্তা মুফতি আমির হামজার ওয়াজ শুনতে বুধবার দুপুরের পর থেকেই সুবিদখালী সরকারি হাইস্কুল মাঠ ও উপজেলা কেন্দ্রীয় ঈদগাঁ মাঠ প্রাঙ্গনে দক্ষিণাঞ্চালের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা জড়ো হতে শুরু করেন। ওয়াজ শুরু পূর্বেই স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। মাঠের আশপাশের বিভিন্ন রাস্তাগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
বিশেষ মুফাচ্ছির হিসেবে বক্তব্য রাখেন, মাওলানা হোসাইন আহমেদ মাহফুজ ( চুয়াডাঙ্গা),হাফেজ মাওলানা জাকির হোসেন আজমী, বিশেষ অতিথির বক্তব্যে রাখেন বরগুনা ফোরামের সভাপতি ডাক্তার সুলতান আহমেদ, জামায়াতে ইসলামী বাংলাদেশ এর পটুয়াখালী জেলা শাখার আমির এডভোকেট মোঃ নাজমুল আহসান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহাবুদ্দিন নান্নু, জামায়াতে ইসলামী বাংলাদেশের মির্জাগঞ্জ উপজেলা শাখার আমির মাও: মু. সিরাজুল হক, দেশবন্ধু গ্রুফের সিইও ও কেন্দ্রীয় জামায়াতে ইসলামী নেতা মোঃ ইদ্রীসুর রহমান প্রমূখ।
সঞ্চালনা করেন মোঃ আব্দুল হালিম। এছাড়াও ওয়াজ মাহফিলে স্থানীয় ওলামায়ে কেরামগণ কুরআন ও হাদিসের আলোকে তাফসির পেশ করেন।




