স্কুলের প্রধান শিক্ষককে পিটিয়ে আহত, দারোয়ান গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট

রাজধানীর আদাবর এলাকায় বেগম নূরজাহান মেমোরিয়াল গার্লস স্কুলের প্রধান শিক্ষক মো. আলাউদ্দিনকে মারধরের অভিযোগে একই প্রতিষ্ঠানের দারোয়ান ধলু শিকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৪ মার্চ) বিকেলে আদাবর রিং রোডে অবস্থিত বিদ্যালয় প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আহত অবস্থায় প্রধান শিক্ষককে উদ্ধার করে স্থানীয়রা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে।

ভুক্তভোগী প্রধান শিক্ষক মো. আলাউদ্দিন জানান, বিদ্যালয়ের তিন কাঠা একটি জমি দীর্ঘদিন ধরে কর্মচারী ধলু শিকদার অনুমতি ছাড়া ব্যবহার করে আসছিলেন। স্কুলের জায়গা ছেড়ে দেওয়ার জন্য ২০১৩ সাল থেকে তাকে একাধিকবার নোটিশ দেওয়া হয়। পরে ২০২০ সালে তৎকালীন ম্যানেজিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আবারও লিখিতভাবে জায়গা ছাড়ার নির্দেশনা দেওয়া হয়।

তিনি বলেন, ২০২৪ সালের পর স্কুলের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে ছাত্রীদের জন্য একটি হোস্টেল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। এ কারণে ধলু শিকদারের দখলে থাকা জায়গাটি প্রয়োজন হয়ে পড়ে। কারণ ওই জায়গা খালি না থাকলে সরকারি অনুদানের জন্য আবেদন করা সম্ভব নয়।

প্রধান শিক্ষক আরও জানান, গত ৩ ফেব্রুয়ারি শিক্ষক সভায় সিদ্ধান্ত নিয়ে এক মাসের মধ্যে দারোয়ানকে জায়গা ছাড়ার নোটিশ দেওয়া হয়। নোটিশের অনুলিপি থানা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিসসহ সংশ্লিষ্ট দফতরে পাঠানো হয়েছে।

তিনি বলেন, বুধবার বিকেলে শিক্ষক সভা শেষে বিষয়টি নিয়ে আবারও তাকে জায়গা ছাড়তে বলা হয়। কাজ শেষ করে বের হওয়ার সময় স্কুল ফটকের সামনে বাউন্ডারির বাইরে দারোয়ান ধলু শিকদার ও তার স্ত্রী অবস্থান করছিলেন। অন্য শিক্ষকরা বের হয়ে যাওয়ার পর তিনি বের হলে তারা হঠাৎ তার ওপর হামলা চালিয়ে চড়-ঘুষি ও মারধর করেন। এতে তিনি আহত হন।

এ বিষয়ে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় দুজনকে আসামি করে একটি মামলা করা হয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top