হানি ট্র্যাপের ফাঁদে ব্ল্যাকমেইল ও চাঁদাবাজি, বিএনপি-যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৩

বরিশাল জার্নাল ডেস্ক

হানিট্র্যাপ কাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও যুবলীগ নেতাসহ ৩ জনকে গ্রেফতার করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ। হানিট্রাপের মাধ্যমে তারা বিভিন্ন ব্যক্তির আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের মাধ্যমে চাঁদাবাজি করতেন বলে জানায় পুলিশ। বুধবার (১৩ মে) বিকেলে সদর থানার পুলিশ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বন্দর এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে ও আদাবাড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজহার উদ্দিন, গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের মো. আরশেদ আলীর ছেলে মো. কবির হোসেন এবং পটুয়াখালী পৌর শহরের কলেজ রোড এলাকার নুরুল হক তালুকদারের ছেলে ও যুবলীগ নেতা মোহাম্মদ রাসেল তালুকদার। এদের মধ্যে বিএনপি নেতা আজহার উদ্দিনকে দল থেকে বহিষ্কার করেছে বাউফল উপজেলা বিএনপি।

পুলিশ জানায়, পটুয়াখালী পৌর শহরের বনানী, সবুজবাগ ও কলেজ রোড এবং বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের হাজিরহাট বন্দর এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তদের  আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ তারা সত্যতা স্বীকার করেন। আগেই তাদের বিরুদ্ধে বিভিন্ন তথ্য-প্রমাণ পুলিশের কাছে ছিলো। এঘটনায় মামলা দায়েরের পরে তাদের গ্রেফতার দেখানো হয়।

সদর থানা পুলিশের উপপরিদর্শক খাইরুল ইসলাম জানান, অভিযুক্তরা পরিকল্পিতভাবে হানিট্র্যাপে ফেলে একজন ঔষধ ব্যবসায়ী ও একজন চাকরিজীবীকে ব্ল্যাকমেইল করে বিপুল পরিমাণ টাকা আদায় করে। ভুক্তভোগী একজনকে ডেকে এনে নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণের পর ভয়ভীতি দেখিয়ে ১৮ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তার কাছ থেকে প্রায় ১৪ লাখ ৮০ হাজার টাকা আদায় করা হয়। তার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করে পুলিশ।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হানিট্র্যাপ চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে বিভিন্ন আলামত ও তথ্য-প্রমাণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে একাধিক ভুক্তভোগীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার তথ্য পাওয়া গেছে। এ ঘটনার আরও বিস্তারিত তথ্য চলমান তদন্তে উঠে আসবে বলে জানান তিনি। ডেইলি ক্যাম্পাস

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Are you human? Please solve:Captcha


Scroll to Top