বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
বোরহানউদ্দিন পৌরসভার উদ্যোগে পৌর শহরে আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট ২০২৫) চলমান প্রকল্পের অংশ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ স্থানে প্রথম ক্যামেরা বসানো হয়।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান জানান, যানবাহন থেকে টাকা উত্তোলন, চুরি, মাদকসহ অন্যান্য দৃশ্যমান অপরাধ প্রতিরোধে এ ক্যামেরা স্থাপন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, সিসি ক্যামেরা যেমন মানুষের নিরাপত্তায় সহায়ক হবে, তেমনি এর সুরক্ষা নিশ্চিত করাও প্রয়োজন। তাই ক্যামেরাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পৌরবাসীর সহযোগিতা ও নজরদারি কামনা করছি।
শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ধাপে ধাপে সবগুলো সিসি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানা গেছে। পৌর কর্তৃপক্ষ মনে করছে, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বোরহানউদ্দিন পৌর নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে।




