সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িবহরে হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

 

‎মির্জাগঞ্জ(পটুয়াখালী) সংবাদদাতা

পটুয়াখালীর মির্জাগঞ্জে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার সময় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর গড়িবহরে হামলা ও ভাঙচুরের ঘটনায় পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও মির্জাগঞ্জের দেউলী সুবিদখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আদনান হোসেন শাওনকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩০ নভেম্বর) রাত নয়টায় দিকে মির্জাগঞ্জ উপজেলার দেউলী বাজার এলাকার কালী বাড়ি মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলার ঘটনায় গাড়ি চালক আলমগীর হোসেন বাদী হয়ে এ বছরে ২৬ আগস্ট মির্জাগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।‎ এজাহারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ১০২ জন নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৮ এপ্রিল বিএনপির কেন্দ্রঘোষিত উপজেলা পর্যায়ে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে অবস্থান কর্মসূচিতে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে নেতাকর্মীরা কর্মসূচিতে যোগ দিতে আসার পথে বেলা ১১টার দিকে উপজেলার সুবিদখালী তিন রাস্তার মোড়ে হামলার ঘটনা ঘটে।

এতে উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান হাসিনা বেগমসহ ৩ জন আহত হন। এ সময় একটি মাইক্রোবাস এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিম আহমেদ বলেন, গ্রেফতারকৃত আসামী মামলার তদন্তে সন্দেহভাজন। তাঁর বিরুদ্ধে তদন্ত অব্যাহত রয়েছে।

রবিবার গ্রেফতারকৃত আসামীকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top